মাদক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর জোর
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও চুরি-ডাকাতি প্রতিরোধে কঠোর নির্দেশ
- আপডেট সময় : ০৫:০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সমন্বিত উদ্যোগের আহ্বান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ নূরুল ইসলাম বুলবুল। তিনি তাঁর বক্তব্যে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তিনি মাদক নির্মূল, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং যানজট নিরসনে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা-র অফিসার ইনচার্জ নুরে আলম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোসাঃ শারমিন আক্তার, সদর উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের আজাহারুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর চাঁপাইনবাবগঞ্জের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় সদর উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল অভিযান, চুরি-ডাকাতি প্রতিরোধ, যানজট নিরসন, বাজার তদারকি এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
সভায় উপজেলার গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।






















