খুন-সন্ত্রাসভিত্তিক স্বৈররাজনীতি পরিহারের আহ্বান
ওসমান হাদীর মৃত্যুতে গভীর শোক বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের
- আপডেট সময় : ০২:৫৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ২২৬ বার পড়া হয়েছে

মঈনউদ্দিন|চট্টগ্রাম প্রতিনিধি:
জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ও বিপ্লবী শরীফ ওসমান হাদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

এক শোকবার্তায় তিনি বলেন, ওসমান হাদীর হত্যাকাণ্ড রাজনীতির নামে চলমান খুন-সন্ত্রাসভিত্তিক স্বৈররাজনীতিরই বিষফল। এই নির্মম হত্যাকাণ্ড সমাজ ও রাষ্ট্রে চলমান হিংস্র রাজনৈতিক সংস্কৃতির ভয়াবহ বহিঃপ্রকাশ।
আল্লামা ইমাম হায়াত আরও বলেন, একক ধর্মের নামে সাম্প্রদায়িক স্বৈররাজনীতি এবং একক বস্তুবাদী জাতীয়তাবাদের নামে পরিচালিত খুন-সন্ত্রাসভিত্তিক গোষ্ঠীবাদী হিংস্র পাশবিক রাজনীতি রাষ্ট্র ও মানবতার জন্য মারাত্মক হুমকি।
তিনি এসব স্বৈরাচারী ও সহিংস রাজনীতি পরিহার করে সকল মানুষের জীবন, ধর্ম, রাষ্ট্র ও গণতন্ত্র রক্ষায় মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে মানবতার রাজনীতির ভিত্তিতে মানবিক জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শোকবার্তায় তিনি মরহুম ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।





















