ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠে নামলো রাজশাহী মহানগর বিএনপি
রাজশাহী-২ আসনে নির্বাচনী প্রস্তুতি জোরদার: মিনুর পক্ষে বিএনপির মনোনয়নপত্র উত্তোলন
- আপডেট সময় : ০৫:৪৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

রাজশাহী-২ (সদর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে বিএনপি। দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব। পাশাপাশি উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামান সোহেল—সদস্য সচিব, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগর; সদস্য, নগর যুবদল এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী), ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি), কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
মনোনয়নপত্র উত্তোলনের মধ্য দিয়ে রাজশাহী সদর আসনে বিএনপির নির্বাচনী প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে গেল বলে মন্তব্য করেন দলীয় নেতৃবৃন্দ।
রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, “রাজশাহী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে আমরা মনোনয়নপত্র উত্তোলন করেছি। সারা দেশে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে বলে আমরা লক্ষ্য করছি। আমরা আশা করি নির্বাচন কমিশন ও সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে।”
প্রার্থীর নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “মিনু অতীতে রাজশাহীর মেয়র ও সংসদ সদস্য ছিলেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশে চলাফেরা করেন। তাই নিরাপত্তা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নই। তবে প্রতিপক্ষরা পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করতে পারে, সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি।”
মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, “আমরা আশা করছি আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করবে। কোনো ষড়যন্ত্রকারীর অপচেষ্টা সফল হবে না।”






















