ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে মণিরামপুরে শুরু রাজনৈতিক তৎপরতা
যশোর-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন
- আপডেট সময় : ০৮:২৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। দলীয় সূত্র জানায়, তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক যোগ্যতা ও মাঠপর্যায়ের জনপ্রিয়তা বিবেচনায় party high command তাঁকে চূড়ান্তভাবে প্রার্থী হিসেবে মনোনীত করেছে।
মনোনয়নের খবর ছড়িয়ে পড়লে মণিরামপুরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অভিনন্দন জানাতে দলীয় কার্যালয়ে ভিড় করতে থাকেন।
অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন বলেন, “দল আমাকে যে বিশ্বাস ও দায়িত্ব দিয়েছে, তা রক্ষা করতে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। মণিরামপুরবাসীর অধিকার ও উন্নয়ন নিশ্চিত করাই আমার অঙ্গীকার।”
মনোনয়ন পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি নেতাকর্মীদের অযথা আনন্দ মিছিল বা উচ্ছ্বাসমুখর কোনো কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া চালিয়ে যাওয়ার অনুরোধ করেন।
তিনি নির্বাচনমুখী পরিস্থিতিতে দলীয় শৃঙ্খলা বজায় রাখা, সতর্কতা ও সংযম প্রদর্শনেরও আহ্বান জানান।






















