মাইকে ডাকাত পড়ার ঘোষণা— আতঙ্কে তিনজনকে ধরে গণপিটুনি, পুলিশ বলছে মাদক সংশ্লিষ্ট বিরোধ
হরিরামপুরে মসজিদের মাইকে ডাকাত আতঙ্ক: ‘মাদক কারবারি’সহ তিন জনকে গণপিটুনি
- আপডেট সময় : ০৮:৫৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুরে মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণার পর এক ‘মাদক কারবারি’সহ তিন জনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। সোমবার রাত আনুমানিক ১০টার দিকে হরিরামপুর ও সদর উপজেলার সীমান্ত এলাকা খাবাশপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুজিবুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক মামলার আসামি আরিফ (২৭) খাবাশপুর চক এলাকা থেকে দৌড়ে হরিরামপুর উপজেলার সট্টি গ্রামের এক বাড়িতে আশ্রয় নিতে গেলে ওই বাড়ির লোকজন তাকে সন্দেহ করে “ডাকাত পড়েছে” বলে চিৎকার শুরু করে। পরে আরিফের সঙ্গে থাকা অপর পক্ষও মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দেয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা আরিফ, সাগর ও মিঠু—এই তিনজনকে ধরে গণপিটুনি দেয়।
রাত সাড়ে ১০টার দিকে হরিরামপুর থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে রাত ১টার দিকে সদর থানা পুলিশ তাদের হেফাজতে নেয়।
ওসি মুজিবুর রহমান জানান, আটকৃতদের মধ্যে আরিফের বিরুদ্ধে সদর থানায় একটি মাদক মামলা রয়েছে এবং সে জামিনে ছিল। তিনজনের মধ্যে আরিফ বেশি আহত হয়েছেন, আর সাগর ও মিঠু প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশের ধারণা, মাদক বিক্রিকে কেন্দ্র করেই এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ও গণপিটুনির ঘটনা ঘটে।






















