চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ নূরুল ইসলাম বুলবুল আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর, জেলা জামায়াতের নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ লতিফুর রহমান, জামায়াত নেতা ও সাবেক পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলামসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা।

মনোনয়নপত্র উত্তোলনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোঃ নূরুল ইসলাম বুলবুল বলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাই তার নির্বাচনী লক্ষ্য। জনগণের সমর্থন পেলে তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল শুরু করেছেন। এতে নির্বাচনী পরিবেশ ধীরে ধীরে প্রাণচাঞ্চল্য ফিরে পাচ্ছে।