মোঃসজিব মিয়া|নারায়ণগঞ্জ প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে দেশজুড়ে যখন উৎসবের আমেজ বিরাজ করছে, তখন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের আন্দারমানিক এলাকায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। একই দিনে একই এলাকায় মানবতার সংগঠনের ব্যবস্থাপনায় পৃথকভাবে আরও একটি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনব্যাপী এসব আয়োজনে শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয়ের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রমজান আলী প্রধান। এ সময় আরও উপস্থিত ছিলেন ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ডা. ওজুফা আক্তার, দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা সাংবাদিক ফারুক হোসাইনসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।