ফজল উদ্দিন|ছাতক,সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৬ ডিসেম্বর মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এরপর শহরতলীর মাধবপুরস্থ ‘শিখা সতেরো’ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা, পুলিশ বাহিনীর পক্ষে সহকারী পুলিশ সুপার (ছাতক–দোয়ারাবাজার সার্কেল) শেখ মোহাম্মদ মোরসালিন, উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতামিয়া পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও আনসার বাহিনী, উপজেলা প্রাণিসম্পদ অফিস, কৃষি অফিস, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকালে শহরের পাবলিক খেলার মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে ছাতক থানার পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, বিভিন্ন স্কুল-কলেজের বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড, কাব দলসহ শিক্ষার্থীরা। পরে খেলাধুলা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতামিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মিলন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হোসেন খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে ছাতকে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।