গোলাম মওলা |মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের আড়িয়াল খাঁ নদ থেকে হনুফা বেগম (নাম নিশ্চিত) নামে এক গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাবনাতলা এলাকায় নদীতে একটি নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে সদর থানা পুলিশকে খবর দেন। পরে বিষয়টি শিবচর কলাতলা নৌ পুলিশ ফাঁড়িকে অবহিত করা হলে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরিবার সূত্রে জানা গেছে, নিহত হনুফা বেগম সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার বাসিন্দা আহমেদ বেপারীর কন্যা এবং আনোয়ার বেপারীর স্ত্রী। লাশ উদ্ধারের পর স্বজনরা ঘটনাস্থলে এসে তার পরিচয় নিশ্চিত করেন।
নৌ পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শিবচর কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিহতের স্বজনদের দাবি, সোমবার সকালে হনুফা বেগম বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরে বিকেলে নদীতে মরদেহ ভাসার সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করেন।
পুলিশ মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।