জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৯ জন প্রার্থীর প্রার্থিতা পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫-এর ১৭ নং বিধি অনুযায়ী গঠিত ‘অভিযোগ ও নিষ্পত্তি কমিটি’ ৭ জন প্রার্থীর বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে প্রতিবেদন প্রদান করে। এছাড়া, ১ জন প্রার্থীর ডোপ টেস্ট সংক্রান্ত অভিযোগ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক প্রমাণিত নয় বলে রিপোর্ট প্রদান করা হয় এবং অপর ১ জন প্রার্থীর ডোপ টেস্ট রিপোর্ট সংক্রান্ত জটিলতার মীমাংসা হওয়ায় মোট ৯ জন প্রার্থীর প্রার্থিতা পুনর্বহাল করা হয়েছে।

পুনর্বহাল হওয়া প্রার্থীরা হলেন—
সহ-সভাপতি পদপ্রার্থী চন্দন কুমার দাস,
সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ শাহিন মিয়া,
সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোসাঃ উম্মে মাবুদা,
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদপ্রার্থী মোঃ তানভীর মাহমুদ (শিহাব),
আইন ও মানবাধিকার সম্পাদক পদপ্রার্থী অর্থা দাস,
ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মোঃ তাসনিমুল হাসান,
নির্বাহী সদস্য পদপ্রার্থী মোঃ আরিফুল ইসলাম আরিফ ও মনিরুজ্জামান (মনির)।

এর আগে, গত ১১ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ২১টি পদে ১৫৬ জন এবং হল শিক্ষার্থী সংসদের ১৩টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় ও হল শিক্ষার্থী সংসদের মোট ৩৪টি পদের বিপরীতে ১৮৯ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। এতে চূড়ান্ত তালিকা থেকে মোট ৪২ জন প্রার্থী বাদ পড়েন, যার মধ্যে কেন্দ্রীয় সংসদের ৩৮ জন এবং হল সংসদের ৪ জন প্রার্থী ছিলেন।