গোকুল চন্দ্র রায়|বীরগঞ্জ প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় একটি মন্দির সংলগ্ন পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

উপজেলার মাকড়াই গ্রামে অবস্থিত শ্রী শ্রী চণ্ডী মন্দির সংলগ্ন পুকুরে এই ঘটনা ঘটে। মন্দির কমিটির বর্তমান সভাপতি উত্তম রায় ১৪ ডিসেম্বর রাতে বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, মন্দিরের উন্নয়ন কার্যক্রমের অর্থ সংগ্রহের উদ্দেশ্যে পুকুরটিতে মাছ চাষ করা হয়েছিল। কিন্তু ১৪ ডিসেম্বর রবিবার সকাল আনুমানিক ৯টার দিকে পুকুরে গিয়ে দেখা যায়, সব মাছ মরে পানিতে ভেসে রয়েছে।

তার অভিযোগ, পূর্ব বিরোধের জের ধরে কে বা কারা পুকুরে বিষ বা গ্যাস ট্যাবলেট প্রয়োগ করেছে। এতে প্রায় ৫০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, মন্দির কমিটির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সাবেক সভাপতি হরি শংকর রায় অবৈধভাবে গ্যাস ট্যাবলেট ব্যবহার করে মাছ নিধন করেছেন। তারা আরও বলেন, এতে জলজ পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে অভিযুক্ত হরি শংকর রায় অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।

৫নং সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফজল ইবনে কাউসার আলী জানান, সরেজমিনে গিয়ে কিছু মৃত মাছ ভেসে থাকতে দেখা গেছে। তবে কোন ধরনের গ্যাস বা বিষ প্রয়োগ করা হয়েছে, তা নিশ্চিত করতে ল্যাব টেস্ট প্রয়োজন। প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় নোয়াখালী ল্যাবের সহায়তা নিতে হবে। তিনি ভবিষ্যতে পুকুরে চুন প্রয়োগ করে মাছ চাষের পরামর্শ দেন।

এ বিষয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।