ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই কুমিল্লায় অবৈধ নির্বাচনী পোস্টার ও ব্যানার অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, অলিগলি, দেয়াল, লাইটপোস্ট ও বিলবোর্ড থেকে এ অভিযান চলছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মতো সিটি কর্পোরেশনের কর্মীরা সকাল থেকেই মাঠে নেমে পোস্টার ও ব্যানার অপসারণে মনোনিবেশ করেন। পরিচ্ছন্ন নগরী নিশ্চিত করা এবং নির্বাচনকালীন আচরণবিধি বাস্তবায়নের উদ্দেশ্যেই এই অভিযান পরিচালিত হচ্ছে।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, তফসিল ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রকার নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। এরই মধ্যে কিছু প্রার্থী স্বেচ্ছায় তাদের পোস্টার ও ব্যানার সরিয়ে নিয়েছেন, তবে নগরীর বেশ কিছু এলাকায় এখনো ঝুলে থাকা দেখা যায়।

কুমিল্লা সিটি কর্পোরেশন সূত্র জানিয়েছে, নির্বাচনকালীন আচরণবিধি কার্যকর করা এবং নগরীর সৌন্দর্য রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আবিদা আল আকসার বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণ নিশ্চিত করা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।”