আমান খন্দকার|বুড়িচং,কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন যুবলীগের এক নেতাকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন—বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মতিউর রহমান খান রুমেল এবং ময়নামতি ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ আবুল হাসেম শান্ত।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে বুড়িচং থানা ও দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে বুড়িচং উপজেলা সদরে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে মোঃ মতিউর রহমান খান রুমেলকে আটক করা হয়। একই রাতে দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল ময়নামতি ইউনিয়নের নাজিরা বাজার এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে মোঃ আবুল হাসেম শান্তকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা রয়েছে। ওই মামলার ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, রবিবার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে আটককৃত দুজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।