জুলাই রেবেলস সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলার ঘটনায় জড়িত দুই হামলাকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকায় কতিপয় দুর্বৃত্ত জুলাই রেবেলস সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি আহত হলে তাৎক্ষণিকভাবে তাকে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়।

ঘটনার পরপরই হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় রবিবার (১৪ ডিসেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামি মোঃ মাসুম ও মোঃ ফাহিম খানকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

পুলিশ আরও জানায়, মামলার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।