কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রতিনিধি এম এ আব্দুল জলিল, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, উপজেলা জামায়াতে ইসলামীর সূরা সদস্য ফেরদৌস হোসেন, বিএনপি প্রতিনিধি মাহফুজুর রহমান মামুন ব্যাপারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রুকনুজ্জামান, হেফাজতে ইসলাম বাংলাদেশের মুফতি সাদ বিন নিজাম এবং ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের এক শোকাবহ দিন। মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর আলবদর-আলশামস পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে। শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, লেখক ও গবেষকদের নির্মমভাবে হত্যার মাধ্যমে জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্র চালানো হয়।
তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।