এ.কে.পলাশ|কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা-৬ আসনের উন্নয়ন ও রাজনৈতিক ভিশন জনগণের সামনে তুলে ধরতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং কুমিল্লা-৬ আসনের জনপ্রিয় জননেতা হাজী আমিন উর রশীদ ইয়াছিন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শাসনগাছা ধান গবেষণা ইনস্টিটিউট এলাকা থেকে গণসংযোগ কর্মসূচির সূচনা করেন তিনি। এ সময় ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরেন।

গণসংযোগকালে হাজী আমিন উর রশীদ ইয়াছিন বলেন, “গত কয়েক বছরে বিএনপির নেতাকর্মীরা মামলা, হামলা ও জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। সেই কঠিন সময়ে আমি সবসময় এই এলাকার মানুষের পাশে ছিলাম। জনগণের সুখে-দুঃখে যেমন ছিলাম, ভবিষ্যতেও যত বাধাই আসুক না কেন আপনাদের পাশেই থাকবো, ইনশাল্লাহ।”

তিনি আরও বলেন,“বিএনপি একটি গণমানুষের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের রাজনীতির যে ধারা প্রতিষ্ঠা করেছিলেন, আমরা সেই পথেই এগিয়ে চলেছি। এই এলাকার মানুষ যদি আমাকে চায়, দল ও নেতৃত্ব অবশ্যই জনগণের সেই চাওয়াকে সম্মান জানাবে। আপনাদের প্রত্যাশা অবশ্যই পূরণ হবে—শুধু একটু ধৈর্য ধরতে হবে।”

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়ে হাজী ইয়াছিন বলেন,“বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া চাই।”

গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।