মঈনউদ্দিন|চট্টগ্রাম প্রতিনিধিঃ

ঢাকা-৮ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানবতার রাজনীতির দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

এক বিবৃতিতে তিনি বলেন, জঙ্গিবাদী সন্ত্রাস ও হিংস্র স্বৈর রাজনীতির প্রাদুর্ভাবে দেশে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক প্রার্থীদের জীবনও আজ মারাত্মকভাবে হুমকির মুখে। দেশের কোথাও জীবনের নিরাপত্তা না থাকায় আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে কি না—তা নিয়ে জনমনে গভীর আশঙ্কা সৃষ্টি হয়েছে।

আল্লামা ইমাম হায়াত বলেন, ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনা গণতন্ত্র ও মানবতার রাজনীতির ওপর সরাসরি আঘাত। তিনি এই বর্বর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি আহত ওসমান হাদীর জীবন রক্ষায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও প্রাণাধিক প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর রহমত কামনা করেন।

এছাড়া তিনি সুষ্ঠু, অবাধ ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে প্রচলিত ভোটকেন্দ্র ও বুথভিত্তিক পদ্ধতির পরিবর্তে এস্তোনিয়ার আদলে মোবাইল বা ডিজিটাল ভোটিং ব্যবস্থা চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তার মতে, আধুনিক প্রযুক্তিনির্ভর ভোটিং ব্যবস্থা চালু হলে সহিংসতা কমবে এবং প্রার্থী ও ভোটার উভয়ের জীবন নিরাপদ থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, জনগণের জীবন ও গণতন্ত্র রক্ষায় রাষ্ট্রকে অবশ্যই কঠোর অবস্থান নিতে হবে। অন্যথায় সহিংস রাজনীতির কারণে দেশের গণতান্ত্রিক কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।