গোলাম মওলা | মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু। তবে দলের মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকেরা ১০ ডিসেম্বর সন্ধ্যায় শিবচরে তার নিজ বাড়িতে নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করেন। সভায় বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত হয়ে তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।

মতবিনিময় সভায় শিবচরের স্থানীয়রা বলেন,
“আমরা সাজ্জাদ হোসেন সিদ্দিকীকে নির্বাচনে দেখতে চাই। দল ভুল করেছে, কিন্তু আমরা ভুল করতে চাই না। তাই লাবলু ভাইকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর অনুরোধ করছি।”

এ ছাড়াও লাবলু সিদ্দিকীর সমর্থিত বিএনপি নেতাকর্মীরা বলেন,
“সাজ্জাদ হোসেন সিদ্দিকী নিজেই ধানের শীষের প্রতীকস্বরূপ। তাকে ভোট দেওয়া মানেই ধানের শীষকে ভোট দেওয়া। দল যদি সিদ্ধান্ত পরিবর্তন না করে, তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলে আমরা সর্বাত্মকভাবে সমর্থন দেব।”

তবে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাননি লাবলু সিদ্দিকী। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন,
“আমাকে কয়েকটা দিন সময় দিন। কথা দিচ্ছি, আমি আপনাদের কাউকে ছেড়ে যাব না। আমি আপনাদেরই লোক।”

সভায় শিবচরের বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি হয়।