আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ট সমাজসেবক মো. বেল্লাল হোসেন বেতাগীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এবং পৌর শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় বেতাগী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি নিজের রাজনৈতিক দর্শন, উন্নয়ন পরিকল্পনা ও বরগুনা-২ আসনের ভবিষ্যৎ নিয়ে তার ভিশন তুলে ধরেন।

পরিচিতি সভা শেষে দুপুরে তিনি বেতাগী পৌর শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী, পথচারী, যুবসমাজ ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা শোনেন।

মো. বেল্লাল হোসেন বলেন, “আমি দুর্নীতিমুক্ত, আধুনিক ও সমৃদ্ধ বরগুনা-২ গঠনে বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলার আর্থ–সামাজিক উন্নয়নে কাজ করতে চাই। জনগণ সুযোগ দিলে এই অঞ্চলের বাস্তব উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য।”

তার গণসংযোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা গেছে। এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব এ অঞ্চলের উন্নয়ন ও পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।