চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিষপ্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধনের ঘটনা ঘটেছে। ধলঘাট ইউনিয়নের ১০নং ওয়ার্ডের শরাবত আলীর বাড়ির আইয়ুব খানের পুকুরে কে বা কারা গভীর রাতে বিষ প্রয়োগ করলে এক রাতেই পুকুরের সকল মাছ মারা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

গত বুধবার (১০ ডিসেম্বর) রাতের কোনো এক সময়ে এই ঘটনা ঘটে। সকালে স্থানীয়রা পুকুরে ভাসমান মৃত মাছ দেখে বিষয়টি নজরে আসে।

মৎস্য চাষি সাইফুল ইসলাম জানান, “২০ হাজার টাকার পোনা আমি পুকুরে ফেলেছিলাম। প্রায় এক বছর ধরে বড় করছি। মাছগুলো ১ কেজি থেকে দেড় কেজি ওজনের হয়েছে। বিক্রির সময় ঘনিয়ে আসতেই পরিকল্পিতভাবে বিষ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “এই ঘটনায় আমার দেড় লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। এই ক্ষতি আমার পক্ষে পুষিয়ে ওঠা সম্ভব নয়।”

এ ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। তারা এই ঘটনাকে ঘৃণ্য ও নিন্দনীয় বলে উল্লেখ করেছেন।