হরিরামপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে চলছে ব্যাপক আয়োজন ও প্রস্তুতি। ১৩ ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে দিনব্যাপী অনুষ্ঠানের পাশাপাশি বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা।

শতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে মঙ্গলবার বিদ্যালয় মাঠসহ বিভিন্ন স্থানে পরিদর্শন করেন বিশিষ্ট সমাজসেবক ও ন্যায়পরায়ণ ব্যক্তিত্ব মোঃ আকিবুল খান।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ—নিজাম খান, ইনিয়াত খান, ইলিয়াস খান, শাহীন মির্ধা, মিরাজ খান ও অনিক খান। অনুষ্ঠান প্রস্তুতির বিভিন্ন কার্যক্রমে অংশ নেয় বিদ্যালয়ের বর্তমান ও সাবেক অসংখ্য ছাত্র-ছাত্রী।

বিশিষ্ট সমাজসেবক মোঃ আকিবুল খান বলেন, “ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষের এই গৌরবোজ্জ্বল মুহূর্তকে সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করছি।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন জানান, শতবর্ষ উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের পাশাপাশি থাকবে সাংস্কৃতিক সন্ধ্যা। তিনি আরও বলেন, “বিদ্যালয়ের এক শত বছরের গৌরব, কৃতি ছাত্র-ছাত্রী, ঐতিহ্য ও স্মৃতিকে ঘিরে এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।”