কুমিল্লার বুড়িচং উপজেলার পাচোড়া এলাকায় র‌্যাব-১১, সিপিসি-২ এর বিশেষ অভিযানে ২০০০ পিস ইয়াবাসহ মো. সৈকত খান (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা।

গ্রেফতারকৃত সৈকত খান জেলার বুড়িচং উপজেলার পাঁচোড়া গ্রামের মৃত শফিকুল হক এর ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল পাচোড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৈকত জানান, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি ও খুচরা বাজারে সরবরাহ করে আসছিলেন।

কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। সমাজকে মাদকমুক্ত রাখতে র‌্যাব-১১ এর এমন অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে তাকে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।