৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া, কুরআন তেলাওয়াত ও খতম অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা–০৬ আসনের জননেতা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের উদ্যোগে দিনব্যাপী এ ধর্মীয় কর্মসূচি আয়োজন করা হয়।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে নগরীর কান্দিরপাড়ে কুরআন তেলাওয়াত ও খতমের মাধ্যমে কুমিল্লা মুক্ত দিবসের কর্মসূচি শুরু হয়। পরে বিকেলে বিশেষ দোয়া–মাহফিলে শহীদদের রুহের মাগফিরাত এবং দেশনেত্রী খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য মোনাজাত করা হয়। এতে কুমিল্লা মহানগর বিএনপি, জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা–কর্মী উপস্থিত ছিলেন।
দোয়া–মাহফিলে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ রতন, আতাউর রহমান ছুটি, মাহাবুবুর রহমান দুলাল, মুজিবুর রহমান কামাল, আমিনুল ইসলাম, মঞ্জুরুল আলম ভূইয়া প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, সাইফুল ইসলাম রনি, সালমান সাঈদ, এ কে এম শাহেদ পান্না, কাজী শাহিনুর, ইকরাম হোসেন তাজ, নাহিদ রানা, কাজী জোবায়ের আলম জিলানী, ইমদাদুল হক ধীমান, শাহাদাৎ হোসেন রবিনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শহীদদের স্মরণে দোয়া করা প্রতিটি বাংলাদেশির দায়িত্ব। তারা আরও জানান, বেগম জিয়ার আশু রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিন টানা ১১ দিন ধরে কুরআন খতম, দোয়া, খাবার বিতরণ ও পশু সদকাসহ নানা ধর্মীয় কর্মসূচি বাস্তবায়ন করছেন। এতে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন এবং দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছেন।