কেরাণীগঞ্জ প্রতিনিধি :
কেরাণীগঞ্জ মডেল থানার জিয়ানগর এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজ-এর ক্রাইম রিপোর্টার এবং বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়নের (বসকো) কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ ফয়সাল হাওলাদারের ওপর স্থানীয় মাদক ব্যবসায়ীরা হামলা চালিয়েছে। এই ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
গত শুক্রবার (০৬ ডিসেম্বর ২০২৫) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে খোলামোড়া জিয়ানগর কাঁচা রাস্তার আশার আলো স্কুল সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
শনিবার কেরাণীগঞ্জ মডেল থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে (জিডি নং–৩১৮) উল্লেখ করা হয়, সাংবাদিক ফয়সাল স্থানীয় মাদক ব্যবসায়ী নিজাম হোসেন (৪২)কে রিকশাচালক এক ব্যক্তির কাছে মাদক বিক্রি করতে দেখে ভিডিও ধারণের চেষ্টা করলে নিজামসহ অজ্ঞাত আরও ৪-৫ জন তাকে আটকায়। পরে তারা ভিভো ব্র্যান্ডের মোবাইল ফোন, ক্যামেরা স্ট্যান্ড ও দৈনিক প্রতিদিনের কাগজ-এর মাল্টিমিডিয়া মাইক ছিনিয়ে নেয়।
এ সময় বাধা দিলে নিজাম, তার স্ত্রী আমেনা বেগম (৩৬)সহ আরও কয়েকজন এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে ফয়সালকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকিও দেয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। ঘটনাটির পর থেকে সাংবাদিক ফয়সাল ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
কেরাণীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ডাবলু বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)-এর সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ এবং সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
এদিকে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান খায়রুল আলম রফিক বলেন, “মাদক ব্যবসায়ীদের হাতে সাংবাদিক হামলার শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”
তিনি বলেন—সাংবাদিক নির্যাতন রোধে সংশ্লিষ্ট সব সংগঠনের সমন্বয়ে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচার নিশ্চিত করতে হবে।