নরসিংদীর রায়পুরা উপজেলায় বিশেষ অভিযানে কভার্ড ভ্যান ভর্তি ১০০ (একশত) কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১) নরসিংদী। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে র্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. আরিফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
আটক ব্যক্তিরা হলেন—যশোরের কোতয়ালী থানার ইছালী ইউনিয়নের জগমোহনপুর এলাকার আ. মান্নানের ছেলে সাজেদুর রহমান ওরফে জনি (৪৫) এবং নীলফামারী জেলার জলঢাকা থানার গুলমুন্ডা ইউনিয়নের তিলাই গ্রামের আসাদ উল্লাহর ছেলে তরিকুল ইসলাম ওরফে রাজন (৩০)। এসময় তাদের কাছ থেকে কভার্ড ভ্যান ভর্তি ৪টি বড় প্লাস্টিকের বস্তায় লুকানো অবস্থায় একশত কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব কমান্ডার মো. আরিফুল ইসলাম জানান, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক বিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মরজাল বাজার এলাকা সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের চেকপোস্টে অভিযান পরিচালনা করা হয়। সেখানে একটি হলুদ রঙের কভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ভেতরে লুকানো অবস্থায় গাঁজা সহ দুইজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে নগদ ৯ হাজার ৭শ টাকা এবং ৩টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র্যাব জানায়।