চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অধীন ১৬ থানার সব ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একযোগে বদলি করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ ব্যাপারে নির্দেশনা জারি করা হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী কোতোয়ালী থানার ওসি মো. আব্দুল করিমকে বদলি করে পাঠানো হয়েছে পাঁচলাইশ মডেল থানায়। সদরঘাট থানার ওসি মো. আব্দুর রহিমকে দেওয়া হয়েছে বন্দর থানা।

বাকলিয়া থানার ওসি মো. আফতাব উদ্দিন দায়িত্ব পাচ্ছেন কোতোয়ালী থানায় এবং পাঁচলাইশ থানার মোহাম্মদ সোলাইমান যাচ্ছেন বাকলিয়া থানায়।

চান্দগাঁও থানার ওসি মো. জাহেদুল কবিরকে বায়েজিদ বোস্তামী থানায় বদলি করা হয়েছে। খুলশী থানার ওসি শাহীনুর আলম যাচ্ছেন কর্ণফুলী থানায়।

ডবলমুরিং থানার ওসি মো. বাবুল আজাদকে পাঠানো হয়েছে চকবাজার থানায় এবং হালিশহর থানার ওসি মুহাম্মদ নুরুল আবছারকে বদলি করা হয়েছে পাহাড়তলী থানায়।

আকবরশাহ থানার ওসি মো. আরিফুর রহমানকে দেওয়া হয়েছে সদরঘাট থানা। পাহাড়তলী থানার ওসি মো. জামির হোসেন জিয়া যাচ্ছেন ডবলমুরিং থানায়।

কর্ণফুলী থানার মো. জাহেদুল ইসলাম যাচ্ছেন খুলশী থানায় এবং বন্দর থানার ওসি মোস্তফা আহম্মেদকে পাঠানো হয়েছে পতেঙ্গা থানায়।

চকবাজার থানার ওসি শফিকুল ইসলামকে সংযুক্ত করা হয়েছে সিটিএসবিতে (নিরস্ত্র পুলিশ পরিদর্শক)। এ রদবদলের পর ইপিজেড থানায় এখনও নতুন ওসি নিয়োগ দেওয়া হয়নি বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর ও জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, “নির্দেশনাটি সঠিক। প্রশাসনিক কার্যক্রমের কার্যকারিতা বাড়ানো এবং শহরের নিরাপত্তা আরও সুশৃঙ্খল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনস্বার্থে এটি অবিলম্বে কার্যকর হবে।”