বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় মানিকগঞ্জ সদর ও ঘিওর উপজেলার মান্তা নারী সংগঠনের সদস্যরা আন্তর্জাতিক মাটি দিবস উদযাপন উপলক্ষ্যে “মাটি বাচাঁতে কীটনাশক মুক্ত কৃষি চাই” শীর্ষক কর্মসূচি পালন করেন।

মান্তা নারী সংগঠনের সভাপতি রেনু বেগমের সভাপতিত্বে ও সদস্য ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারসিক কর্মকর্তা সুবীর কুমার সরকার। তিনি মাটি দিবসের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন। তিনি বলেন, “প্রাণ-প্রকৃতির নানা উদ্ভিদ আজ হুমকির সম্মুখীন। পরিবেশের ক্ষতি কমাতে আমাদের জৈব কৃষি চর্চা বাড়ানো জরুরি।”

অনুষ্ঠানে কৃষক ও নারী নেতৃবৃন্দ যেমন সুমি আক্তার, আকলিমা আক্তার, জাহানারা বেগম, বকুলা বেগম এবং আল্পনা রানী সরকার মাটির বৈচিত্র্য, ফসলের উপযোগী মাটি এবং কীটনাশকহীন প্রাকৃতিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন যে, মান্তা, হেলাচিয়া, জয়নগর ও কুন্দুরিয়ার জমিতে এখনো গভীর পানির আমন ধান ও খেশারীর চাষ হয়, যেখানে রাসায়নিক সার বা কীটনাশকের প্রয়োজন নেই।

কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের শিশুরাও মাটির বৈচিত্র্য ও সঠিক চাষাবাদের গুরুত্ব শিখেছে। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে মাটি রক্ষা এবং স্বাস্থ্যসম্মত কৃষি নিশ্চিত করা।