কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গাজীপুর-১ আসনের ধানের শীষের মনোনয়ন পেলেন কালিয়াকৈর পৌরসভার সাবেক সফল মেয়র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান।

বৃহস্পতিবার বিকেল ৪টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।

মনোনয়ন পাওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় মজিবুর রহমান বলেন, “গাজীপুর-১ আসনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যেই সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মনোনয়ন প্রতিযোগিতা শেষ, এখন সময় মাঠে নেমে জনগণের আস্থা অর্জনের।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, “কোনো ধরনের রং ছিটানো, আনন্দ মিছিল বা কারো প্রতি রূঢ় আচরণ করা যাবে না। সবাইকে নফল নামাজ পড়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করতে হবে। মানুষের কষ্টের কারণ যেন কেউ না হয়—সেদিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”

ঘোষণার পর গাজীপুর জুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়ে। অনেকেই মনে করছেন, অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও সুদীর্ঘ সাংগঠনিক দক্ষতার কারণে মজিবুর রহমান এলাকায় শক্ত অবস্থান গড়ে তুলবেন।