আমতলী (বরগুনা) প্রতিনিধি: লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পর এবার আমতলী উপজেলার ১৫২টি বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন পালিত হয়েছে। বুধবার সকালে কোনো বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল আলম জানান, ৯৭টি বিদ্যালয়ে পরীক্ষা হয়নি। তবে বিকেলে প্রধান শিক্ষক, নৈশ প্রহরী ও অভিভাবকদের সহযোগিতায় সকল স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী পরীক্ষার জন্য প্রধান শিক্ষকদের আহ্বায়ক করে অভিভাবকদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, আমতলী উপজেলায় ১৫২টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে ৯০৫ জন সহকারী শিক্ষক কর্মরত। সকল শিক্ষকরা তাদের দাবী আদায়ের জন্য বিদ্যালয়ে তালা ঝুলিয়ে পরীক্ষা গ্রহন থেকে বিরত ছিলেন।

একেহাইসংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান বলেন, “পরীক্ষায় সহকারী শিক্ষকরা অংশগ্রহণ না করে বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দেন। পরে অভিভাবকরা ক্ষুদ্ধ হয়ে তালা ভেঙ্গে ফেলে।”

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. আশ্রাফুল ইসলাম জানান, “প্রধান শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় সকল বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।”