কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার হোমনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি)–এর সরকারি গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু ফাইজা আক্তারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মা–এর সঙ্গে উপজেলা চত্বরে আসা শিশুটি দ্রুতগতিতে প্রবেশ করা সরকারি গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। হৃদয়বিদারক এ দৃশ্য দেখে শিশুটির মা শোকভারতে কান্নায় ভেঙে পড়েন। তিনি অভিযোগ করেন,
“গাড়িটি খুব দ্রুতগতিতে আসছিল। মুহূর্তেই আমার কলিজার টুকরা ফাইজা চলে গেলো।”

দুর্ঘটনার পর গাড়িচালক তাইবুর হোসেনের ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। নিহত শিশুর বাবা ফাইজুল হক স্থানীয়ভাবে এসকেএফ একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তাদের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার পুটিয়া গ্রামে।

ঘটনার খবর পেয়ে হোমনা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাসের এবং নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম দ্রুত হোমনা সরকারি হাসপাতালে ছুটে যান। শোকাহত বাবাকে সান্ত্বনা দিতে গিয়ে এসিল্যান্ড নিজেও কান্নায় ভেঙে পড়েন। তিনি গণমাধ্যমকে বলেন,
“ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই আসি। এই শিশুটি আমার সন্তানও হতে পারত। সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করতে পরিবারকে সহায়তা করবো।”

এদিকে হোমনা থানার ওসি জানান, “এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শিশু ফাইজার মৃত্যুতে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি উপজেলা চত্বরে যানবাহনের গতিনিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।