নাটোরের সিংড়ায় চলনবিল এলাকায় পাখি শিকার প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরাম। বুধবার (৩ ডিসেম্বর) ভোরে তাজপুর ইউনিয়নের খরসতি গ্রামের মাঠে পরিচালিত এই অভিযানে শিকারীদের কাছ থেকে প্রায় ২ হাজার মিটার জাল, বেশ কিছু শিকার সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়। উদ্ধারকৃত ৫টি শালিক পাখি অবমুক্ত করা হয় প্রকৃতিতে।
অভিযানকালে তারেক নামের এক কিশোর শিকারীকে আটক করা হলেও ভবিষ্যতে আর কখনো পাখি শিকার করবে না—এমন মুচলেকা আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয়।
প্রায় তিন ঘণ্টাব্যাপী এই অভিযানে নেতৃত্ব দেন—সংগঠনের সভাপতি এসএম রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুলহাস কায়েম এবং পরিবেশ কর্মী মোতালেব হোসেন।
সংগঠনের সভাপতি এসএম রাজু আহমেদ বলেন, “শীত মৌসুমে চলনবিলে বিপুল সংখ্যক অতিথি পাখির আগমন ঘটে। কিন্তু কিছু অসাধু শিকারী নিয়মিত পাখি নিধনে লিপ্ত থাকে, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। পাখি সংরক্ষণে স্থানীয়দের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।”
চলনবিলে পাখি শিকার রোধ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।