রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
ভোলা জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে টানা ছয়বার স্বীকৃতি পাওয়া লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম (বিপি নং– ৮৪১১১৩৫৩৪০) এবার লটারির মাধ্যমে পটুয়াখালীর রাঙ্গাবালী থানায় পদায়ন হয়েছেন। তার এ পদায়নকে ঘিরে স্থানীয়দের মাঝে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
জানা যায়, লালমোহন থানায় দায়িত্ব পালনকালে ওসি সিরাজুল ইসলাম আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, দ্রুত মামলা নিষ্পত্তি, সন্ত্রাস ও মাদক দমন, চুরি-ছিনতাই প্রতিরোধসহ নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অসাধারণ সাফল্য দেখান। তার নেতৃত্বে লালমোহন থানা একাধিক বড় অপরাধ চক্রকে দুর্বল করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্ষম হয়।
এরই ধারাবাহিকতায় তিনি জেলা পর্যায়ে টানা ৬ বার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হন।
স্থানীয় বাসিন্দাদের মতে, তার দায়িত্বশীলতা, সততা, মানবিক পুলিশিং, জনবান্ধব আচরণ ও নিরলস পরিশ্রম লালমোহনের আইনশৃঙ্খলাকে আরও স্থিতিশীল করে। রাঙ্গাবালীতে তার নতুন দায়িত্ব গ্রহণে এলাকাবাসীর প্রত্যাশা—অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, জনসংযোগ বৃদ্ধি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় নতুন পরিবর্তন আসবে।