চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৪। দিবসটি উপলক্ষে ২ ডিসেম্বর সকালে জেলা শহরের কাঁঠালবাগিচা গাবতলা মোড় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দিবস উদযাপনে প্রধান আয়োজক হিসেবে ছিল চেতনা মানবিক উন্নয়ন সংস্থা। এছাড়া আরও অংশ নেয় তিনটি বেসরকারি প্রতিষ্ঠান—সমতা নারী উন্নয়ন সংস্থা, আহমদ নগর কমপ্লেক্স (আনক) এবং অগ্রদূত বাংলাদেশ।
র্যালি শেষে চেতনা মানবিক উন্নয়ন সংস্থার ফাল্গুন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরু এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আখতার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেতনা মানবিক উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন উল আলম। স্বাগত বক্তব্য দেন নির্বাহী পরিচালক মোঃ জাফরুল উল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন আর এস ডি এফ এর নির্বাহী পরিচালক মনজুরুল ইসলাম বাবু এবং সমতা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী মোসাঃ আকসানা খাতুন।
আলোচকরা বলেন, অনগ্রসর জনগোষ্ঠীকে দক্ষতা, সেবা ও সহায়তা কাঠামোর মাধ্যমে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে দুই দশক ধরে দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
সহযোগী সংগঠনগুলোকে বিশেষ ও সাধারণ অনুদান প্রদান করে আয়বর্ধক কর্মসূচি যেমন—গাভী পালন, গরু মোটাতাজাকরণ, ছাগল ও ভেড়া বিতরণ, ভ্যান বিতরণ, সেলাই মেশিন প্রদান, পাপস তৈরির প্রশিক্ষণসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে দরিদ্র পরিবারগুলোর জীবনমান ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটছে।
এ ছাড়া নিরাপদ পানি সরবরাহে নলকূপ স্থাপন, সেমিপাকা ল্যাট্রিন নির্মাণ, ঘর নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রাখছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন।