লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মীরা দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মসূচিতে অংশ নেন পরিবার কল্যাণ সহকারী (FWA), পরিবার কল্যাণ পরিদর্শক (FWV) এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI)–কর্মীরা।
অংশগ্রহণকারী কর্মীরা জানান, বহুদিন ধরে সময়োপযোগী পদোন্নতি, যৌক্তিক বেতন স্কেল, নিরাপদ কর্মপরিবেশসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও তা বাস্তবায়িত হয়নি। মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাদের আর্থিক ও পেশাগত উন্নয়ন ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
কর্মসূচিতে বক্তারা দ্রুত দাবি বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। তারা সতর্ক করে বলেন, দাবিগুলো পূরণ না হলে সামনে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে নিজেদের ন্যায্য দাবি তুলে ধরেন।