কৃড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে সরকারি কর্মচারীরা বৈষম্যমুক্ত নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করেছে এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেছে।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা মডেল মসজিদ সংলগ্ন অস্থায়ী কার্যালয় থেকে সংগঠনের সমন্বয়ক মোঃ আল মামুনুর রশিদ ও জেলা প্রধান সমন্বয়ক মোঃ আনিছুর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের হাতে স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপিতে নেতারা বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে উল্লেখ করেন, ১:৪ অনুপাতে ১২টি গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা নির্ধারণ পূর্বক পে-কমিশনের রিপোর্ট ৩০ নভেম্বর ২০২৫-এর মধ্যে প্রধান উপদেষ্টার নিকট পেশ এবং ১৫ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের জন্য।

এ সময় কর্মসূচিতে কুড়িগ্রাম জেলার সরকারি অফিসের ১১-২০ গ্রেডের সকল কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রশাসক কার্যালয়ের, গণপূর্ত, পানি উন্নয়ন বোর্ড, খাদ্য বিভাগ ও জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।