রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার ড. মো. জিললুর রহমান। তিনি সম্প্রতি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ১৮তম বিসিএসের মাধ্যমে ১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনসহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের সুনাম বৃদ্ধি করেন তিনি। তাঁর জন্ম ও বেড়ে ওঠা বগুড়ায়।
রোববার (৩০ নভেম্বর) বেলা ১২টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের অডিটোরিয়াম হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত পুলিশ কমিশনার ড. মো. জিললুর রহমান বলেন, “জুলাইয়ে আহত সকলকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। যারা এখনো চিকিৎসাধীন রয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।” তিনি রাজশাহী মহানগরীর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও একটি নিরাপদ নগর গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, “রাজশাহী মহানগরীকে আইন মেনে পরিচালনা করতে চাই। জনগণের স্বার্থে প্রয়োজনীয় সকল পদক্ষেপই গ্রহণ করা হবে।”
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব, মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ কমিশনার মনোযোগ দিয়ে তা শোনেন এবং বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।