মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচর উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রতিভা ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, সম্মাননা ক্রেস্ট এবং সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষভাবে সংবর্ধিত করা হয় ফরিদপুর মেডিকেল কলেজে চান্স পাওয়া সুমনা আক্তার এবং খুলনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া নজরুল ইসলামকে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের হাতে ২৫ হাজার টাকার চেক ও ক্রেস্ট তুলে দেন।
উপজেলার ২৩টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২৩২ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। মূল্যায়নে ১৩ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ২৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। বিজয়ীদের সবার হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অভিভাবক রোকসানা বেগম বলেন, “এ ধরনের বৃত্তি পরীক্ষা শিশুদের পড়াশোনায় আগ্রহ বাড়ায়। সন্তান সম্মাননা পাওয়ায় আমরা আনন্দিত।” আরেক অভিভাবক জুসনা বেগম জানান, “প্রতিযোগিতামূলক শিক্ষার জন্য এমন আয়োজন খুব প্রয়োজন। আমার ছেলে বৃত্তি পেয়ে আরও আত্মবিশ্বাসী হয়েছে।”
প্রতিষ্ঠাতা ও পরিচালক ইব্রাহিম বলেন, “শিক্ষার্থীদের প্রতিভা ও পরিশ্রমকে স্বীকৃতি দেওয়া আমাদের মূল লক্ষ্য। আজ যাদের সম্মাননা দেওয়া হলো, তারা ভবিষ্যতে দেশের সম্পদ হয়ে উঠবে।”
অধ্যক্ষ আতাহার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিবচর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইফতেখারুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন বাহাদুরপুর শরিয়াতিয়া কামিল মাদ্রাসার প্রভাষক আসাদুজ্জামান, পরিচালক মালেক মিয়া, মাওলানা আহমাদুল্লাহ, মাহবুব আলমসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।