সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের বুরুমদী এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহসভাপতি আল মুজাহিদ মল্লিক, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এস. এম. ওয়ালিউর রহমান আপেল, সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে আল মুজাহিদ মল্লিক বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ সুস্থতা কামনায় আমরা সবাই দোয়া করছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসেন। বিএনপির নেতাকর্মীদের জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় এস. এম. ওয়ালিউর রহমান আপেল বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলে দোয়া করুন। তিনি আপোষহীন দেশনেত্রী হিসেবে সবসময় গণতন্ত্র ও মানুষের অধিকারের পক্ষে অবস্থান করে এসেছেন। কঠিন এই সময়ে নেতাকর্মীরা তাঁর পাশে থাকবে এবং দলকে আরও শক্তিশালী করতে কাজ করবে।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।