রাজশাহী প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের এন. এম. খান অডিটোরিয়ামে আজ শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় শিশু শিক্ষা নিকেতন, চাঁপাইনবাবগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু শিক্ষা নিকেতনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল হান্নান হানু।

মঞ্চে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সম্মানিত সম্পাদক মেজবাউল জাকের এবং অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান।

চার শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও অতিথির উপস্থিতিতে পুরো অডিটোরিয়ামটি আনন্দ, উৎসব ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে। বিভিন্ন বিষয়ে ১০টিরও বেশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মোট ২১৯ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশে শিশু শিক্ষা নিকেতন যে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে, আজকের এই আয়োজন তারই উৎকৃষ্ট উদাহরণ।”

শিক্ষার্থীদের পরিবেশিত মনোমুগ্ধকর গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।