মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের আজিমনগর, সুতালড়ি ও লেছড়াগঞ্জে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপ, জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সাধারণ মানুষের মাঝে তীব্র উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, এসব কার্যক্রমের সঙ্গে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে এসেছে, যাদের বিরুদ্ধে বিভিন্ন সময় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।
সরেজমিনে গিয়ে একাধিক চরবাসী জানান, স্থানীয়ভাবে প্রভাবশালী একটি গোষ্ঠী রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকাজুড়ে ক্ষমতাবলয় তৈরি করেছে। তারা অভিযোগ করেন, জমি দখল, ভয়ভীতি দেখানো, দেশীয় অস্ত্রের উপস্থিতি প্রদর্শন এবং চাঁদা আদায়ের মতো ঘটনাগুলো বহু বছর ধরে চলছে। তবে ভুক্তভোগীদের অনেকে নিরাপত্তার কারণে পরিচয় প্রকাশে অনিচ্ছুক।
স্থানীয়দের বক্তব্য, ক্ষমতাসীন দলের পরিবর্তনের পরও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। বরং কিছু ব্যক্তির বিরুদ্ধে চরাঞ্চলে মাদক ব্যবসায় প্রভাব বিস্তার এবং মাদক বিক্রেতাদের সহযোগিতারও অভিযোগ উঠেছে। তাদের দাবি, স্থানীয় প্রশাসনকে প্রভাবিত করে বিভিন্ন অপকর্মের নেপথ্যে থাকছে কিছু মুখোশধারী প্রভাবশালী।
চরবাসীরা আরও জানান, এসব বিষয়ে কথা বলতে গেলেই ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে। এমনকি কিছু স্থানে স্থানীয়রা অভিযোগের তালিকা ফেস্টুন আকারে প্রকাশ করে বিভিন্ন দোসরের নাম চিহ্নিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জনপ্রতিনিধির ভাষ্য—প্রায় ১৭ বছর ধরে চরাঞ্চলের নিরীহ মানুষ ভয়ভীতির মধ্যে আছে। জমি-বাড়ি দখল, হুমকি এবং চাঁদাবাজির অভিযোগে জনজীবন অস্থির হয়ে পড়েছে।
চরবাসীর দাবি, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, প্রভাবশালী সন্ত্রাসী চক্রের দৌরাত্ম্য বন্ধ করা এবং অবিলম্বে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ নিশ্চিত করা জরুরি।