লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলার সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। শুরু থেকেই মাঠজুড়ে উপচে পড়ে জনতার ঢল। আয়োজকদের দাবি, জনসভায় প্রায় ২৫–৩০ হাজার মানুষের সমাগম হয়েছিল।

এ জনসভায় শিল্পী, ব্যবসায়ী, শিক্ষক, ডাক্তার, আইনজীবী, সাংবাদিক, কৃষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ নির্বাচনকে সামনে রেখে বক্তব্য প্রদান করেন।

জনসভায় সভাপতিত্ব করেন মোঃ নুরুল ইসলাম (নূরু)। প্রধান অতিথির সহধর্মিণী জনাবা লায়লা হাবিব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও তিস্তা বাঁচাও আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

সকলের বক্তব্য শেষে পরিবেশন করা হয় নির্বাচনী সংগীত। সমাপনী বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “লালমনিরহাট-০৩ আসনের নির্বাচিত এমপি হিসেবে আমি অতীতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি—যা আপনাদের জানা আছে। আবারও আমাকে সুযোগ দিলে লালমনিরহাটকে দেশের অন্য জেলার সমকক্ষ করে গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সহায়তা করবে। তিস্তা বাঁচাও আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি জানান, এ আন্দোলন শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক পরিসরেও আলোড়ন তুলেছে।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “আমি নির্বাচিত হলে তিস্তা পাড়ের পাঁচ জেলার মানুষের কর্মসংস্থানের বিস্তৃত সুযোগ তৈরি হবে।”

শেষে সকলের দোয়া কামনা করে তিনি জনসভার সমাপ্তি ঘোষণা করেন।