বাঁশখালীতে স্বতন্ত্র প্রার্থীতার ঘোষণা দিলেন বিএনপি নেতা লেয়াকত আলী
এম মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিএনপির আলোচিত নেতা মোহাম্মদ লেয়াকত আলী। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পাঁচ মিনিটের ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন।
বাঁশখালী-১৬ আসনে ইতোমধ্যেই বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, চারবারের এমপি মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর পুত্র মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। দলীয় মনোনয়ন ঘোষণার পর থেকেই লেয়াকত আলীর কর্মী-সমর্থকরা বাঁশখালীতে মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন।
গত ২২ নভেম্বর উপজেলা সদরের বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে লেয়াকত আলী ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি নির্বাচনী সিদ্ধান্ত নিতে পারেন। ওই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি তাকে উৎসাহিত করেছে বলে জানান তিনি।
ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি কখনো সিনিয়র নেতাদের ড্রয়িং রুমের রাজনীতিতে যাইনি। সে কারণেই বাংলাদেশে ড্রয়িং রুম পলিটিক্সে আমি বারবার বঞ্চিত হয়েছি। বাঁশখালীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে লাখো মানুষের উপস্থিতি আমাকে অনুপ্রাণিত করেছে। আমি সেদিন ইঙ্গিত দিয়েছিলাম—আজ আমি তা পরিষ্কারভাবে ঘোষণা করছি: ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনে আমি অংশগ্রহণ করব।”
বাঁশখালীতে এই ঘোষণা ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। স্বতন্ত্র প্রার্থী ও দলীয় প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা এলাকায় ত্রিমুখী নির্বাচনী পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।