কুমিল্লার বুড়িচংয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের জামতলা–কালিকৃষ্ণনগর পাঁচ পিলার সংলগ্ন জিরো পয়েন্ট থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬০-বিজিবি)।

মঙ্গলবার দুপুর ২টার দিকে সীমান্তের ওই এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মৃত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তিকে দুই–তিন দিন ধরে সীমান্ত এলাকার আশপাশে ঘুরতে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি একজন ভবঘুরে হতে পারেন। লাশের গায়ে কোনো আঘাত বা ক্ষতচিহ্ন নেই।

শংকুচাইল ক্যাম্পের বিওপি’র বিজিবি সুবেদার আব্দুর রাজ্জাক বলেন, পাঁচ নম্বর পিলার এলাকা থেকে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুড়িচং থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি শাহিনুল ইসলাম আরও জানান, মৃতদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।