আশাশুনি প্রতিনিধিঃ
Ashashuni থেকে Satkhiraগামী সড়কে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ইজিবাইকের মারাত্মক দুর্ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। এর মধ্যে ৪ জনকে গুরুতর অবস্থায় সাতক্ষীরা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে নওয়াপাড়া গ্রামের আঃ রবের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জন সেবা ক্লিনিকের অ্যাম্বুলেন্সটি আশাশুনি থেকে সাতক্ষীরার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে নওয়াপাড়া এলাকায় পৌঁছলে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা যাত্রীবাহী একটি ইজিবাইককে ধাক্কা দেয়। ধাক্কার ফলে ইজিবাইকটি রাস্তার পাশের আঃ রবের বাড়ির ঘেরা বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে ইজিবাইকের চালকসহ ৬ যাত্রী আহত হন।

বুধহাটা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিতে আসা খেজুরডাঙ্গা গ্রামের সুজিত কুমার বাছাড় জানান, “আমরা পাঁচজন যাত্রীসহ ছিলাম। দুর্ঘটনার পর সবাই আহত হই। চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দ্রুত সাতক্ষীরা হাসপাতালে পাঠানো হয়েছে। চালককেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।” দুর্ঘটনায় ইজিবাইকটির ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হলেও দ্রুত উদ্ধারকারীরা আহতদের হাসপাতালে পাঠায়।