আমতলী প্রতিনিধিঃ
পটুয়াখালী-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ঘটখালী বিএম অটো গ্যাস পাম্পের পাশে মঞ্জু গাজীর মেশিনারি দোকানে ডাকাতি সংঘটিত হওয়ার পর ডাকাত দলের পালানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। পুলিশের তৎপর ধাওয়ায় দুই ডাকাতকে আটক করা হয়েছে।
সোমবার সকাল ১০ টার দিকে ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত গভীর রাতে ৭-৮ সদস্যের একটি ডাকাত দল পিকআপ ভ্যানে করে মেশিনারি দোকানে ডাকাতি চালায়। খবর পেয়ে আমতলী থানা পুলিশ তাদের ধাওয়া শুরু করে।
পুলিশ ধাওয়ায় বাধাপ্রাপ্ত ডাকাত দল কলাপাড়া উপজেলার মহিপুর থানার দিকে যায়। মহিপুর থানা পুলিশ একজন ডাকাতকে আটক করতে সক্ষম হয়। পরে ডাকাতরা পুনরায় আমতলীর দিকে ফিরে আসার চেষ্টা করলে পুলিশ আবারো ধাওয়া শুরু করে।
লোকালয়ে প্রবেশের সময় স্থানীয়রা আমিরুল ইসলাম (৪০) নামের একজন ডাকাতকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। আটককৃত আমিরুল ইসলাম পাবনার চাটমোহর উপজেলার রাধানগরের বাসিন্দা। তার পিতা ফোরকান শেখ।
পুলিশ ডাকাতদের ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ করেছে এবং অপর ডাকাতদের ধরতে অভিযান চালাচ্ছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, দুই ডাকাতকে আটক করা হয়েছে এবং বাকি ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।