কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ভূরুঙ্গামারী উপজেলার সার্বিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ভূরুঙ্গামারীর উন্নয়ন ত্বরান্বিত করা, জনসেবার মান বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনয়নে নানা গুরুত্বপূর্ণ দাবি ও সমস্যা তুলে ধরেন। মাদক নির্মূল, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
এ ছাড়া সড়ক ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, ঝুঁকিপূর্ণ এলাকায় গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন এবং নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি পরিচালনার দাবি জানান স্থানীয়রা।
স্বাস্থ্যসেবায় চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ বৃদ্ধি, রোগী সেবার উন্নয়ন এবং আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়।
কৃষি উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত বীজ-সার সরবরাহ, সেচব্যবস্থা উন্নয়ন ও কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবি তুলে ধরেন বক্তারা। তাদের মতে, কৃষি এই অঞ্চলের অর্থনীতির প্রধান চালিকাশক্তি।
শিক্ষাক্ষেত্রে অবকাঠামো উন্নয়ন, যোগ্য শিক্ষক নিয়োগ, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ ও ঝরে পড়ার হার কমাতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা বলেন অংশগ্রহণকারীরা।
বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং ও তদারকির আহ্বান করা হয় সভায়।
সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “জনগণের কল্যাণে প্রশাসন সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের সমস্যা সমাধানে পর্যায়ক্রমে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সকলের সহযোগিতায় নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত ভূরুঙ্গামারী গড়ে তোলা হবে।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের বিষয়ে তিনি রাজনৈতিক দল ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের অধ্যক্ষ খন্দকার সারওয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক জাকী আলা উদ্দিন মন্ডল, জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, ব্যবসায়ী কাজী গোলাম মোস্তফা, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
মতবিনিময় শেষে নবাগত ডিসি উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করেন। পরে তিনি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং উপজেলার দুর্গম চরাঞ্চলের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন।