কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা সদর উপজেলার মতিনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। সোমবার (২৪ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পাচথুবী ইউনিয়নের মতিনগর গ্রাম থেকে কবির হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার সুলতান মিয়ার ছেলে।
র্যাব-১১ সুত্রে জানা যায়, সদর উপজেলার সীমান্তবর্তী অঞ্চল থেকে দীর্ঘদিন ধরে কবির হোসেন পাইকারি ও খুচরা মূল্যে গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সকালেই মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজাসহ তাকে আটক করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদক নির্মূলের ধারাবাহিকতায় র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।