সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার আশাশুনিতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১০০ কেজি অপদ্রব্য মেশানো বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন সেনা ক্যাম্প কমান্ডার লে. আসেফ আহসান চৌধুরী।

অভিযানকালে শ্রীধরপুর গ্রামের আব্দুল গনি গাজীর ছেলে ওসিকুল এবং নুর আলী গাজীর ছেলে শরিফুল ইসলামকে ১২টি সিরিঞ্জসহ বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার সময় হাতেনাতে আটক করা হয়। ঘটনাস্থল থেকে ১০০ কেজি পুশকৃত মাছ জব্দ করে সেনাবাহিনী তা আশাশুনি ক্যাম্পে নিয়ে আসে। পরে বাছাই করে ৮০ কেজি জেলি পুশ করা মাছ ধ্বংস করা হয় এবং ২০ কেজি ভালো মাছ উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা অনুযায়ী জব্দকৃত ক্ষতিকর মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আটক দুই ব্যক্তি ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার লিখিত অঙ্গীকার দেওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে ক্যাম্প সূত্রে জানা গেছে।