চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে আবারও বড় ধরনের মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি। শনিবার (২৩ নভেম্বর) রাত ১টা ২০ মিনিটে চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৬/৫-এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের গড়ের মাঠ এলাকায় অভিযান চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই আখক্ষেতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট মজুদ রাখা হয়েছে এবং চোরাকারবারীরা সুযোগ বুঝে তা দেশের অভ্যন্তরে পাচারের চেষ্টা করবে। এ তথ্যের ভিত্তিতেই তাৎক্ষণিকভাবে বিজিবির টহলদল অভিযান পরিচালনা করে।

তল্লাশির এক পর্যায়ে একটি প্লাস্টিকের বস্তা থেকে অভিনব পদ্ধতিতে মোড়ানো অবস্থায় ৩,১৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (TENSIWIN) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য সাধারণ ডায়েরীর মাধ্যমে ভোলাহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদকসহ সকল ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। এ অভিযান আরও বেগবান করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”