মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জের হরিরামপুরে আল্লাহ ও ইসলামকে নিয়ে কটুক্তির অভিযোগে গ্রেফতার হওয়া বাউল শিল্পী আবুল সরকার-এর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত ২০ নভেম্বর অভিযোগের ভিত্তিতে ওই শিল্পীকে গ্রেফতারের পর সারাদেশের ন্যায় শনিবার সকাল ১০টায় হরিরামপুর উপজেলা চত্বরে ধর্মপ্রাণ তাওহীদি জনতার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, আল্লাহ ও ইসলামকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে। তাই গ্রেফতারকৃত আবুল সরকারের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, ধর্মীয় মূল্যবোধে আঘাত হানার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে দেশের মুসলমানরা ঐক্যবদ্ধ। বাংলার মাটিতে কেউ যেন ধর্ম অবমাননার দুঃসাহস না দেখাতে পারে—এ জন্য সরকার প্রধানের কাছে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।